১ মিনিটে খোলা যাবে নগদ অ্যাকাউন্ট

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২০:৫৯

মোজাহেদুল ইসলাম

 

দেশের জনগণের জন্য আর্থিক সেবাখাতকে আরো সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’-কে ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক অনুষ্ঠানে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেন।

এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে বিটিসিএলের মাসিক লাইনরেন্ট তুলে দেওয়ার পর ল্যান্ডলাইনের সংযোগও ফ্রি, সেই সঙ্গে সেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ নিতে দেওয়া যাবে অ্যাপের মাধ্যমে। গতকাল এই সেবারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এর আগে চলতি বছরের আগস্টে বিটিসিএলের ল্যান্ডফোন হতে ল্যান্ডফোনে সারা মাস মাত্র ১৫০ টাকায় কথা বলার সুবিধা আনা হয়। তুলে দেওয়া হয় লাইনরেন্টও। এছাড়া তখন বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে ৫২ পয়সা মিনিটে কথা বলার সুবিধাও চালু করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে ঐ অনুষ্ঠানে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা বা টেশিসের দোয়েল ল্যাপটপের নতুন মডেল উদ্বোধন, বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিটের অবমুক্তকরণ, টেলিটকের ডিজিটাল আর্কাইভের উদ্বোধন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন করেন জয়। এ সময় ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উেক্ষপণ করা হবে বলেও জানান তিনি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে চলতি বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সেবা ‘নগদ’ উদ্বোধন করেন। কার্যক্রম শুরুর মাত্র সাত মাসের মাথায় দেশের আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘নগদ’ দ্বিতীয় স্থানে পৌঁছেছে। এছাড়া দীর্ঘ ১১ বছর ধরে চলে আসা দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মনোপলি বাজার ভাঙতেও সক্ষম হয়েছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’।

বাংলাদেশে একসময় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে তিন থেকে দশ কর্মদিবস লাগত। মাত্র ১ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার সুবিধা নিয়ে এসেছে ‘নগদ’। ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ‘নগদ’ স্বয়ংক্রিয়ভাবে এক মিনিটে ফেস অথেনটিকেশন ও জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারে। নগদের এই পদ্ধতির কারণে ভুয়া গ্রাহক তৈরির কোনো সুযোগ এখন থেকে আর থাকছে না। 

এছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জও এখন নগদে। প্রতি হাজারে নগদের ক্যাশ-আউট চার্জ এখন মাত্র ১৪ টাকা ৫০ পয়সা। পাশাপাশি নগদ গ্রাহক প্রতি ১০০০ টাকা ক্যাশ-ইন করলে হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক পাবেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অশোক কুমার বিশ্বাস, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রসহ আরও অনেকে।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষ্যে এসব সেবা ও কার্যক্রম চালু করা হয়।