আবুল হোসেন, কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
জনবল সংকটে রয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন। এ উপজেলা প্রশাসনের তথ্যকেন্দ্র, বনবিভাগ, নির্বাচন অফিস, তথ্য ও যোগাযোগ, খাদ্য, পুলিশ বিভাগ, পল্লী বিদ্যুত্ ও সাব-রেজিষ্ট্রি অফিস ছাড়া বাকি ২৮টি দপ্তরে ৬০৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ২১২টি পদই শূন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ প্রায় দুই মাস ধরে শূন্য রয়েছে। নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নয়টি পদ শূন্য রয়েছে। উপজেলা ভূমি বিভাগে ৫২টি পদের মধ্যে ১৬টি পদ শূন্য রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা বলেন, ‘ভূমি বিভাগে জনবল সংকটের কারণে কর্মকর্তাদের ওপর চাপ বেড়েছে। কাজের বিঘ্ন না ঘটার ক্ষেত্রে নজর রাখছি।’ স্বাস্থ্য বিভাগে ১২৭টি পদের মধ্যে ৬১টি পদই শূন্য। ২১ জন চিকিত্সকের মধ্যে নেই ১২ জন চিকিত্সক।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সালাহউদ্দিন মাহমুদ বলেন, ‘বিরাজমান সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দফায় দফায় অনুরোধ জানানো হয়েছে।’ কৃষি বিভাগে ৪৮ পদের মধ্যে অতিরিক্ত কৃষি কর্মকর্তা, একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ১১ জন উপসহকারী কর্মকর্তাসহ ১৯টি পদ শূন্য রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব বলেন, ‘কাজের ব্যত্যয় না ঘটানোর লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীরা দ্বিগুণ কাজ করে যাচ্ছেন।’
উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার রসুল বলেন, ‘জনবল সংকটে কাজকর্ম পরিচালনায় খুবই হিমশিম খেতে হচ্ছে। এ উপজেলায় ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩টি প্রধান শিক্ষকের পদ শূন্য আছে।’ নাঙ্গলকোট উপজেলার সেটেলমেন্ট অফিসার এ উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
পল্লী উন্নয়ন দপ্তরে (বিআরডিবি) ১১টি পদের মধ্যে নেই পল্লী উন্নয়ন কর্মকর্তা, একজন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও একজন হিসাবরক্ষক। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুব উন্নয়ন বিভাগে সাতটি পদের মধ্যে একজন ক্যাশিয়ার নেই। মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ছয়টি পদের মধ্যে একজন হিসাবরক্ষক নেই।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়ালীউল্যাহ জানান, পুলিশ বিভাগে শূন্যপদ না থাকলেও কচুয়া থানার উত্তরে বায়েক থেকে দক্ষিণে জগত্পুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কে ছয়টি মোবাইল টিম দিয়ে ডিউটি অব্যাহত রেখে চুরি, ছিনতাই, মাদক সেবন ও মাদক ব্যবসা প্রতিরোধ করা হচ্ছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) বৈশাখী বড়ুয়া জনবল সংকটের কারণে কাজের ধীরগতি সৃষ্টি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি সিগরিই উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনায় মিলিত হয়ে তাদের জনবল সংকট নিরসনে ব্যবস্থা নিতে স্ব-স্ব বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পরামর্শ দেব। এ কাজে অন্তত চারটি পিকআপ প্রয়োজন। অথচ আছে মাত্র দুটি পিকআপ।
