বরিশাল অফিস
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরার অপরাধে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্তকৃতরা হলেন—বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর (সাহেবেরহাট) থানার এসআই আনিসুর রহমান, কনস্টেবল মোহাম্মদ আলী ও জুলফিকার।
পটুয়াখালী জেলা মত্স্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, রবিবার অভিযানকালে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে ইলিশ ধরার সময় একটি ট্রলার আটক করা হয়। ঐ ট্রলার থেকে বরিশাল বন্দর থানার কনস্টেবল জুলফিকার ও মোহাম্মদ আলী নামে দুই পুলিশ সদস্যসহ চার জেলেকে আটক করা হয়। এ সময় স্পিড বোটসহ অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার সঙ্গে সাহেবেরহাট থানার এসআই আনিসুর রহমানও জড়িত রয়েছেন।
