কমে গেছে লেনদেনও
ইত্তেফাক রিপোর্ট
ক্রমাগত মূলধন হারাচ্ছে পুঁজিবাজার। সর্বশেষ গতকাল দেশের দুই পুঁজিবাজারেই বড়ো দরপতন হয়েছে। অন্যদিকে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও নেমে এসেছে ৩০০ কোটির নিচে। এ পরিস্থিতিতে ক্রামাগত পুঁজি হারানো বিনিয়োগকারীদের মধ্যে হতাশা আরো বাড়ছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স প্রায় ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭০৮ পয়েন্টে। ডিএস-৩০ মূল্যসূচক ১৪ দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ৬৬১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১ হাজার ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ নিয়ে গত ১০ কার্যদিবসের আট দিনই ডিএসইর শেয়ারের দর কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক সিএএসপিআই ১৬২ পয়েন্ট কমে ১৪ হাজার ৩২০ পয়েন্টে অবস্থান করছে।
শেয়ারবাজারের তারল্য সংকট কাটাতে সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত অনুপাত (এডিআর) বাড়ানো হয়েছে। সেই সঙ্গে রেপোর (পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে অর্থ সরবরাহের সুযোগও দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ড বিক্রি করে পাওয়া ২০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর-পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এসব উদ্যোগ সত্ত্বেও বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট কাটেনি। বাড়েনি তারল্যও। ধারাবাহিক পতনের কবলে পড়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে।
গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ৩৭ লাখ টাকার। লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারদর।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো— ন্যাশনাল টিউবস, ইউনাইটেড পাওয়ার, মুন্নুু স্টাফলার, সিলকো ফার্মা, ইস্টার্ন ইন্স্যুরেন্স, রেনেটা লিমিটেড, গ্রামীণফোন, স্ট্যান্ডার্ড সিরামিকস, স্কয়ার ফার্মা ও বিএসসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—গোল্ডেন হারভেস্ট, এফবিএফআইএফ, মতিন স্পিনিং, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণফোন, শাহাজিবাজার পাওয়ার, উত্তরা ফাইন্যান্স, পদ্মা অয়েল, পিপলস্ ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—আনলিমা ইয়ার্ন, ন্যাশনাল টিউবস, মিথুন নিটিং, সাফকো স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, জিলবাংলা সুগার, হাক্কানি পাল্প, বিডি ওয়েল্ডিং, এসিআই ফর্মুলেশন ও ড্রাগন সোয়েটার।
