সরকার গঠন করতে পারবেন না বলে জানিয়েছেন দীর্ঘসময় ধরে ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সরকার গঠনের সুযোগ নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর হাতে ছেড়ে দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।
নেতানিয়াহু গত এক দশক ধরে ক্ষমতায় থাকলেও সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে গান্টসের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি ৩৩টি আসন, নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২ আসন পায়। অন্যান্য দলের মধ্যে কট্টরপন্থিরা ১৬টি, জয়েন্ট লিস্ট ১৩টি, ডানপন্থি ইসরাইল বেইতেনু আটটি, ইয়ামিনা সাতটি, লেবার গেশার ছয়টি ও ডেমোক্র্যাটিক ক্যাম্প পাঁচটি আসন পায়। ডানপন্থিদের পাল্লা ভারি হওয়ায় সরকার গঠনে নেতানিয়াহুরই সফল হওয়ার সম্ভাবনা ছিল। এ কারণে প্রথমে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেই সরকার গঠনের আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট রুভেন রিভলিন। তবে নেতানিয়াহু জানান, একটি জোট সরকার গঠনের সব রকম চেষ্টা সত্ত্বেও তার উদ্যোগকে সফল হতে দেওয়া হয়নি। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট রিভলিন এখন ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা গান্টসকে সরকার গঠনের উদ্যোগ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন।
