ব্রুনোর চার গোলে তেরেঙ্গানুর শুভসূচনা

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৩০

  স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

ব্রাজিলীয় বংশোদ্ভূত ফরোয়ার্ড ব্রুনো সুজুকির চার গোলে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ অভিষেকটা দুরন্ত জয় দিয়েই সারল তেরেঙ্গানু এফসি। মঙ্গলবার চেন্নাই সিটি এফসির বিপক্ষে ৫-৩ গোলের নায়কের ভূয়সী প্রশংসা করেছেন দলটির কোচ নাফুসি জেইন।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে গতকাল ‘বি’ গ্রুপের ম্যাচটিতে চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় তেরেঙ্গানু। ব্রুনোর বাড়ানো বল চেন্নাইয়ের জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন রহমত বিন মাকাসু। এরপর ২৩ আর ৩৪ মিনিটে রক্ষণভাগের ভুলের খেসারত দেয় দলটি। কাতসুমি য়ুসা ও মাশহুর শেরিফের গোল দুটির সুবাদে এগিয়ে গিয়েছিল চেন্নাই। তবে আইলিগের চ্যাম্পিয়নদের এই অগ্রগামিতা চার মিনিটের বেশি স্থায়ী হয়নি।

৩৮ মিনিটে সাঞ্জার শাকমেদভ দারুণ পায়ের কাজে চেন্নাই রক্ষণ ভেঙে বাড়ানো নিচু ক্রসে মাথা ছুঁইয়ে তেরেঙ্গানুকে সমতায় ফেরানব্রুনো। এরপরের গল্পটা কেবলই তার। ৪৫, ৭১ আর ৮১ মিনিটে গোল করে ম্যাচটা প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান ব্রাজিলিয়ান-জাপানি ফরোয়ার্ড। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে চেন্নাইয়ের পক্ষে আদলফো মিরান্দা ব্যবধান কমালেও চেন্নাইয়ের হার এড়াতে সেটি যথেষ্ট ছিল না। ফলে ৫-৩ গোলের বড়ো জয় নিয়েই মাঠ ছাড়ে মালয়েশিয়ান দল তেরেঙ্গানু।

ব্রুনোক্যারিয়ারে এর আগে আরো চারটি হ্যাটট্রিকের দেখা পেলেও চার গোল পেলেন এবারই প্রথম। তার এমন পারফর্মেন্সের দারুণ প্রশংসা করে কোচ জেইন বলেন, ‘আজকের ম্যাচে ওই আমাদের নায়ক। দুর্দান্ত খেলেছে সে।’ ব্রুনো অবশ্য কৃতিত্বটা ভাগ করে দিলেন সতীর্থদের মাঝেও, ‘আসলে পুরো দল ভালো খেলেছি বলেই জয়টা এসেছে। আইলিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়টা চাট্টিখানি কথা নয়। তারা আমাকে বলের যোগান দিতে পেরেছে বলেই গোলগুলো করতে পেরেছি আমি।’ টুর্নামেন্টের কত গোল করতে চান এমন এক প্রশ্নে ব্রুনো বলেন, ‘সামনে কোনো ক্যারিয়ার রাখতে চাই না আমি। যত বেশি সম্ভব গোল করে দলকে সহায়তা করতে চাই।’ দলের এমন জয় অবশ্য ঠিক তৃপ্তি দিচ্ছে না কোচ জেইনকে। রক্ষণের ভুলগুলো শিগিগরই শুধরে নিতে চান তিনি, ‘রক্ষণের ভুলে তিনটি গোল হজম করেছি আমরা। টুর্নামেন্টে ভালো করতে হলে এমন ভুল আর করা চলবে না আমাদের।’

এদিকে প্রথম ম্যাচেই হারে সেমিফাইনাল ওঠার পথটাকে কিছুটা কঠিন করে তুলল, অভিমত চেন্নাই কোচ মোহাম্মদ আকবরের। তিনি বলেন, ‘এই হারে শেষ চারে ওঠা কঠিনই হয়ে গেল। তবে সেটা কতটা কঠিন তা আজকের দ্বিতীয় ম্যাচটার (বসুন্ধরা-গোকুলাম) ফলাফলের ওপরই নির্ভর করবে।’