স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
বন্দরে ওড়না দিয়ে মুখবেঁধে এক পোশাক শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ করেছে বখাটেরা। গত সোমবার রাতে কুড়িপাড়া খালপার এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে আরমান (২০) ও সগির (২২) নামে দুই বখাটেকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ধর্ষিতা পোশাককর্মী। এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে দুই ধর্ষক ধর্ষণের কথা স্বীকার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বন্দরের কুড়িপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে কাজ করতেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐ মেয়ে। গত সোমবার রাতে গার্মেন্টস ছুটি শেষে তিনি বাসায় ফিরছিলেন। বাসার সামনে আসামাত্র ঐ এলাকার আকবর আলীর ছেলে আরমান ও আব্দুল জলিল মিয়ার ছেলে সগির পোশাককর্মীকে তার ওড়না দিয়ে মুখ বেঁধে পার্শ্ববর্তী এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ধর্ষিতা পোশাককর্মী বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানান। পরে মেয়েকে নিয়ে মা স্থানীয় কাউন্সিলরকে জানালে কাউন্সিলর বাবুল দুই লম্পটকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ধর্ষিতার মা রাতে মামলা করেন। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই দুজনকে আটক করা হয়েছে।
