মোবাইল চুরির অভিযোগে পুলিশ পিটিয়ে মারল যুবককে

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২২:০৪

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মোবাইল চুরির সন্দেহে যুবককে ডেকে নিয়ে ঐ এসআই পিটিয়ে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এসআই ইকবাল পারভেজ রায়হান ও তার ভগ্নিপতি মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ এজাহার মিয়া (২৭)। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অলিকাজির বাড়ির মোহাম্মদ মুফিজের পুত্র।

জানা যায়, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে যুবকের লাশ নিয়ে আসলে নিহতের পরিবার ও স্থানীয়রা হত্যাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করে।

এজাহার মিয়ার শাশুড়ি মরিয়ম বেগম বলেন, গত সোমবার রাতে ভাটিয়ারী কলেজপাড়া এলাকায় বসবাসকারী চট্টগ্রাম পুলিশ লাইনের এসআই ইকবাল পারভেজ রায়হান তার বোনের মোবাইল চুরির অভিযোগে এজাহার মিয়াকে বাড়িতে ডেকে নিয়ে যান। তারা এজাহারকে রশি দিয়ে হাত-পা বেঁধে সারারাত অমানসিক নির্যাতন করেন। তারা বলে এজাহারকে যতক্ষণ পর্যন্ত মোবাইল ফোন এনে দেবে না ততক্ষণ তাকে ছাড়া হবে না। পরে গতকাল সকালে এজাহার মিয়াকে অর্ধমৃত অবস্থায় একটি রিকসায় করে তার বাড়ির পাশে রেখে চলে যায়। স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এজাহারের মৃত্যু হয়। এর আগে সে তার ওপর চালানো নির্যাতনের কথা বলে যায়।

মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন জানান, এ ঘটনায় এসআই ইকবাল পারভেজ রায়হান ও মিজানুর রহমান নামে দুই জনকে আটক করা হয়েছে।