কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পরিত্যক্ত ডোবায় ভাসমান অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশের মাথা, দুই হাত ও একটি পা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চাকিরপাশা ইউনিয়নের নাককাটি বাজারের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে এগুলো উদ্ধার করা হয়। এর আগের দিন সোমবার কুড়িগ্রাম সদরের বেলগাছার একটি পুকুর পাড় থেকে অপর পা-টি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নাককাটি বাজার এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী ডোবায় ভাসমান অবস্থায় অর্ধগলিত মানুষের দেহের খণ্ড দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করে রাজারহাট থানায় নিয়ে যায় পুলিশ।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, অজ্ঞাত মরদেহের মূল শরীর ছাড়া মাথা, দুই হাত ও একটি পা উদ্ধার করা হয়েছে। দেহের খণ্ডিত অংশগুলোর পাশে একটি ব্যাগ ও কাপড় পাওয়া গেছে। ময়মনসিংহে উদ্ধার হওয়া মানব শরীরের খণ্ডের রং এবং গঠনের সঙ্গে অনেকটাই মিল থাকায় সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ময়মনসিংহে লাগেজে উদ্ধার হওয়া ব্যক্তির শরীরের খণ্ডের সঙ্গে কুড়িগ্রামে দুই দিনে উদ্ধার হওয়া অঙ্গগুলোর যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
