জি কে বিল্ডার্সের স্বত্বাধিকারী কথিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে দুর্নীতিদমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুনের আদালতে এ আবেদন করা হয়। আদালত আসামিদের উপস্থিতিতে আগামী ২৭ অক্টোবর এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করে।
দুদক সূত্র জানায়, গত সোমবার শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ ও খালেদের বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করা হয়। ঐ মামলায় শামীমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। অপরদিকে একই দিন দুদক ৪ কোটি ৫০ লাখ টাকার স্থাবর সম্পদ ও ৯০ লাখ ১৬ হাজার ৭০৯ টাকার অবৈধ সম্পদের অভিযোগে বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অপর একটি মামলা করা হয়। এ মামলায় খালেদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। এছাড়া ঐ আদালত জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৯ নভেম্বর এবং খালেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৮ নভেম্বর ধার্য করেন।
