মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি দিন দিন বাড়ছে। সেই সঙ্গে অর্থনৈতিক বন্ধনও শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, গত বছর দুই দেশের মধ্যে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। এই বাণিজ্য সম্পর্ককে বৃদ্ধি করতে দুই দেশের বাণিজ্য সংক্রান্ত নীতিসমূহের সংস্কার প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশে যতগুলো আমেরিকান কোম্পানি রয়েছে সেগুলোতে প্রায় ৯৫ ভাগ বাংলাদেশি শ্রমিক কাজ করেন। বাংলাদেশে এখন প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য সংখ্যক বাণিজ্য প্রতিনিধিদল আসে। তিনি এসব প্রতিনিধিদলকে সিলেট সফরের পরামর্শ দেবেন বলে জানান।
গত সোমবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলারের সঙ্গে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মিলার বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর অত্যন্ত শক্তিশালী। কিন্তু শ্রমিকের নিরাপত্তা এখানে পর্যাপ্ত নয়। বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রমিকের নিরাপত্তা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।
সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. নজরুল ইসলাম, ফখর উস সালেহীন নাহিয়ান, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সল, ফখরুল ইসলাম চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ডা. আজিজুর রহমান।
