আবু তোরাব, চন্দনাইশ (চট্টগ্রাম): চন্দনাইশ উপজেলায় বিভিন্ন এলাকায় শীতকালীন সবজির ফলন ভাল হয়েছে। বিশেষ করে শিমের ফলন ও বাজারে দাম পাওয়ায় স্বস্তিতে চাষীরা। এ বছর উপজেলার শঙ্খ নদীর বিস্তৃর্ণ এলাকাজুড়ে শিমের চাষাবাদ করেছেন চাষীরা। বিলজুড়ে শিম, লাউ, আলু, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, মরিচ ক্ষেত নজর কাড়ে। প্রাকৃতিক আবহাওয়া অনুকূলে থাকলে লাভের আশা দেখছেন শিম চাষীরা। দোহাজারী চাগাচর গ্রামের শিম চাষী আবদুল শুক্কুর ও মীর আহমদ জানান, তিনি দীর্ঘকয়েক বছর ধরে শিম চাষ করে আসছেন। তাতে করে কমবেশি লাভবানও হয়েছেন। এবার তিনি ৪০ শতক জমিতে শিম চাষ করেছেন। এতে প্রায় ১৬ হাজার টাকা খরচ হয়েছে। ফলন ভাল হওয়ায় খরচ পুষিয়ে আরো ৫০/৬০ হাজার টাকা পাবেন বলে আশা পোষণ করেন। চন্দনাইশ উপজেলার কৃষি কর্মকর্তা হাসান মামুন জানান, এ এলাকার মাটি ও জলবায়ু সবজি চাষাবাদের উপযোগীর কারণে এখানে সবজির ফলন ভাল হয়। এছাড়াও উন্নতমানের বীজ সংগ্রহ এবং মাঠ পর্যায়ে চাষীদের পরামর্শ দেওয়া হয়ে থাকে বলে জানান কৃষি কর্মকর্তা —ইত্তেফাকধী
