‘হাউসফুল’ ফ্রাঞ্চাইজির তিনটি সিনেমা মুক্তি পেয়েছে এর আগে। হাস্য-কৌতুক ও মজাদার অনেক ঘটনার সমারোহ থাকে প্রতিটি ‘হাউসফুল’ সিনেমায়। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ‘হাউসফুল’ ফ্রাঞ্চাইজির তিনটি সিনেমার প্রতিটিতেই একসঙ্গে কয়েক জোড়া নায়ক-নায়িকার উপস্থিতি দর্শকদের চমকিত করেছে। দীপিকা পাড়ুকোন, অসিন, জ্যাকুলিন ফার্নান্দেজ, জেরিন খান, জিয়াহ খান, মালাইকা অরোরা খান, লারা দত্তের মেতা সুন্দরী গ্ল্যামারাস নায়িকাদের দেখা গেছে ‘হাউসফুল’-এর তিনটি পর্বে। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে হাউসফুল ফ্রাঞ্চাইজির চতুর্থ ছবি। ‘হাউসফুল ফোর’ ছবিতেও বলিউডের একঝাঁক জনপ্রিয় নামীদামি তারকা অভিনেতা-অভিনেত্রীর সমাবেশ ঘটেছে। বলিউডের সবচেয়ে বড় বাজেটের কমেডি ছবি হিসেবে বিবেচনা করা হচ্ছে ‘হাউসফুল ফোর’কে। ৭৫ কোটি রুপি বাজেটের সিনেমা ‘হাউসফুল ফোর’-এ অক্ষয় কুমার, ববি দেওল, রিতেশ দেশমুখের বিপরীতে তিন নায়িকা কৃতি শ্যানন, কৃতি খারবান্দা ও পূজা হেগড়ে অভিনয় করেছেন। ‘হাউসফুল ফোর’-এর মতো বড় আয়োজনের একটি ব্যয়বহুল হিন্দি সিনেমায় নতুন প্রজন্মের এই তিন নায়িকার বড় ধরনের সুযোগ লাভ, তাদের প্রতেকের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে নির্দ্বিধায় বলা যায়। কৃতি শ্যাননের কথা বলা যাক প্রথমে। ‘হিরোপান্টি’ ছবির মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে তার অভিষেক ২০১৪ সালে। অ্যাকশন কমেডি ধাঁচের এ ছবিতে অভিনয়ের জন্য সেবছর সেরা নবাগত মুখের নায়িকা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। ইতিমধ্যে ‘দিলওয়ালে’, ‘লুকাছুপি’, ‘অর্জুন পাতিয়ালা’ প্রভৃতি সিনেমায় নায়িকারূপে দেখা গেছে তাকে। ‘হাউসফুল ফোর’ ছবিতে তাকে রাজকুমার মধু ও কৃতি দুই ভিন্ন চরিত্রে দেখা যাবে। জমজমাট আয়োজনের এ ছবি কৃতির ক্যারিয়ারে নতুন মাত্রা সংযোজন করবে বলে ধারণা করা হচ্ছে। আগামীতে কৃতি শ্যাননকে ঐতিহাসিক পটভূমিকার হিন্দি সিনেমা ‘পানিপথ’-এ পার্বতী বাঈ চরিত্রে দেখা যাবে। এছাড়াও ‘পতি পত্নী আউর ওহ’ ছবির আইটেম সংয়ে পারফরম করতে দেখা যাবে তাকে। এর বাইরেও আরো বেশ কয়েকটি নতুন বলিউডি ছবিতে কৃতির কাজ করার কথা চূড়ান্ত হয়ে গেছে। ‘হাউসফুল ফোর’-এ রাজকুমারি মালা ও পূজা দুটি আলাদা চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে। মুম্বাইয়ের মেয়ে পূজা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে শিরোপা জিতেছেন। সেই খ্যাতিকে কাজে লাগিয়ে তামিল সুপারহিরো ছবি ‘মুগামুডি’তে নায়িকা হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। এরপর আরো দুটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেন পূজা। ২০১৬ সালে আশুতোষ গোয়ারিকারের ঐতিহাসিক পটভূমির সিনেমা ‘মহেঞ্জোদারো’তে হূত্বিক রোশনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। বলিউডে তার আত্মপ্রকাশ সুখকর হয়নি। কারণ ‘মহেঞ্জোদারো’ ছবিটি বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হয়। এরপর পূজা হেগড়েকে আর কোনো বলিউডি সিনেমায় দেখা যায়নি গত কয়েক বছর। তবে দক্ষিণী সিনেমায় চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন এই সুন্দরী। অনেকদিন পর আবার পূজা বলিউডে ফিরছেন ‘হাউসফুল ফোর’ ছবির মাধ্যমে। এবার আর তাকে ফ্লপের শিকার হতে হবে না। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার মতো ছবি নয় ‘হাউসফুল ফোর’। বিনোদনের নানা মসলা রয়েছে এখানে। ধারণা করা যায়, এবার উতরে যাবেন পূজা হেগড়ে। দিল্লির মেয়ে কৃতি খারবান্দাও আছেন ‘হাউসফুল ফোর’ ছবিতে। এ ছবিতে রাজকুমারী মিনা ও নেহা দুটি রোলে অভিনয় করেছেন ২৮ বছর বয়সী সুন্দরী এই অভিনেত্রী প্রথমে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে পরবর্তীকালে তেলেগু সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার অভিষেক। বলিউডে ‘রাজ’, ‘বিরাট’ ছবির মাধ্যমে তার পথচলা শুরু। হরর ধাঁচের এ ছবিতে তিনি সবার নজর কাড়লেও ছবিটির ব্যবসায়িক ব্যর্থতা কৃতির জন্য সুফল বয়ে আনতে পারেনি। তবে ২০১৭ সালে রোমান্টিক ছবি ‘শাদি মে জরুর আনা’ তাকে আলাদাভাবে খ্যাতি এনে দিয়েছে। এছাড়াও ‘গেস্ট ইন লন্ডন’, ‘কারওয়ান’, ‘ভিরে কি ওয়েডিং’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবিগুলোতে দেখা গেছে তাকে। আগামীতে তাকে ‘পাগলাপন্টি’, ‘চেহেরে’, ‘তাইস’-এ দেখা যাবে প্রধান নায়িকারূপে।
