হালে মুক্তি পেয়েছে ‘জোম্বিল্যান্ড :ডাবল ট্যাপ’। এর আগে ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘জোম্বিল্যান্ড’ ছবিটি। ঐ ছবির সিক্যুয়াল ‘জোম্বিল্যান্ড :ডাবল ট্যাপ’ দর্শকদের আবার ফিরিয়ে নিয়েছে জোম্বিদের ভুবনে। আগের ছবির বেশ কিছু চরিত্রে আবার ফিরে এসেছে দর্শকদের সামনে। তাল্লাহাসি, কলম্বাস, লিটন রক, উচিটা চরিত্রগুলোর নতুন সময়ের কর্মকাণ্ড দর্শকদের একই সঙ্গে থ্রিল, সাসপেন্স, কমেডির চমত্কার স্বাদ দিয়েছে। এ ছবিতে উচিটা চরিত্রে আবার দর্শকদের সামনে ফিরে এসেছেন বিখ্যাত হলিউড তারকা অভিনেত্রী এমা স্টোন। ৩০ বছর বয়সী সুন্দরী এই অভিনেত্রী অ্যাকাডেমি অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন। দু বছর আগে তাকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী বিবেচনা করা হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনায় তার জন্ম। খুব ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন এমা স্টোন। মঞ্চ অভিনয় দিয়ে তার পথচলা শুরু হয়েছিল। কিশোরী বয়সে আরিজোনা থেকে লস অ্যাঞ্জেলসে চলে আসেন। ২০০৪ সালে একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে এমার ছোট পর্দায় অভিষেক হয়। বেশ কিছু ছোট্ট রোলে অভিনয়ের পর টেলিভিশন পর্দা থেকে বড় পর্দায় তার পদার্পণ ঘটে। ২০০৭ সালে ‘সুপার ব্যাড’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। ২০০৯ সালে ‘জোম্বিল্যান্ড’ ছবিটি তার ক্যারিয়ারে নতুন মোড় সৃষ্টি করে। ঐ ছবির মাধ্যমে মিডিয়ায় দারুণ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হন এমা স্টোন। ২০১০-এ টিন কমেডি ‘ইজি এ’ তাকে বেশ অনেকটা এগিয়ে দিয়েছিল শোবিজের অঙ্গনে। ঐ ছবিতে অভিনয় করে বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পান তিনি। একই সঙ্গে গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কারেরও মনোনয়ন পেয়েছিলেন। ২০১১ সালে রোমান্টিক কমেডি ‘ক্রেজি স্টুপিড লাভ’ এবং ড্রামা ধাঁচের ‘দ্য হেল্প’ ছবি দুটি তাকে দর্শকদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলে। তবে ২০১২ সালে ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান’ ছবিতে অন্যতম প্রধান চরিত্র গোয়েন স্টেসির ভূমিকায় দুর্দান্ত পারফরম্যান্স তার ক্যারিয়ারকে অনেকটাই এগিয়ে দেয়। সুপারহিরো ধাঁচের এই সিনেমার সিক্যুয়ালে আবারও তাকে দেখা যায় ২০১৪ সালে। ব্ল্যাক কমেডি ধাঁচের সিনেমা ‘বার্ডম্যান’-এ অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়ে যান ২০১৪ সালে। ২০১৬ সালে রোমান্টিক মিউজিক্যাল ‘লা লা ল্যান্ড’-এ একজন উঠতি অভিনেত্রী ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেন। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে আর্তমানবতার সেবায় এবং পরিবেশ সুরক্ষার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছেন হলিউডের এই প্রখ্যাত অভিনেত্রী।
