নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার নেশা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৯:৪৬

নিষেধাজ্ঞা আরোপ এখন আমেরিকার নেশায় পরিণত হয়েছে এবং এই নেশার কারণে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে কোটি কোটি মানুষ ও বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর  পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ন্যামের সদস্য দেশ এমনকি চীন ও রাশিয়ার মতো বড় দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করছে। আমেরিকার এমন আচরণের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করতে আমেরিকা যেসব বিদ্বেষমূলক তৎপরতা চালাচ্ছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিম এশিয়া।

আরও পড়ুন: বিসিবির লাভের ভাগসহ ১৩ দফা দাবি ক্রিকেটারদের

তিনি আরও বলেন, ন্যামের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি হচ্ছে ফিলিস্তিনদের অধিকার রক্ষা করা। কিন্তু আমেরিকার একপেশে ও ধ্বংসাত্মক নীতির কারণে তাদের অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে।

একইসঙ্গে তিনি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ ও জুলুমের নিন্দা জানিয়ে বলেন, এর পেছনেও রয়েছে আমেরিকা এবং এই জুলুমের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে।

সূত্র: পার্সটুডে।

ইত্তেফাক/এসইউ