শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৯:৫৩

‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’—এ প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লায় গত ৭ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী ‘বাংলাদেশ শিশু অধিকার সপ্তাহ’ পালন করা হয়েছে। এ উপলক্ষে দৃষ্টি, কুমিল্লার উদ্যোগে গত ১১ অক্টোবর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া আলোচনা সভা, শ্রমে নিয়োজিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়। দৃষ্টির নির্বাহী পরিচালক পাপড়ী বসুর সভাপতিত্বে এদিন সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী অনুপ বোস, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসনেয়ারা বেগম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউলশিল্পী সুফি আনিছ, সেফল মজুমদারসহ আমন্ত্রিত শিল্পীদের পরিবেশিত শিশু অধিকার বিষয়ক গণসংগীত আমন্ত্রিত অতিথি ও দর্শক-শ্রোতারা উপভোগ করেন।