বাঘায় পুকুর থেকে লাশ উদ্ধার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:০১

রাজশাহীর বাঘায় পুকুর থেকে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্ডিপুর মধ্যপাড়া গ্রামের লিটন মিয়ার পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। মৃত রফিকুলের বাড়ি পার্শ্ববর্তী খায়ের হাট গ্রামে বলে জানা গেছে। তার পিতার নাম সায়েদ আলী।

স্থানীয় লোকজন জানান, দুপুর ১২টায় রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা ওই লাশটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয় বাজুবাঘা ইউনিয়ন আ’লীগ সভাপতি ফজলুল হককে খবরটি জানান। এরপর ফজলুল হক থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে পোস্টমোর্টেমের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওই গ্রামের শাহালম, জালাল উদ্দিন ও চঞ্চল জানান, পুলিশ যখন পুকুর থেকে লাশ উদ্ধার করে তখন মৃতের শরীরে কোনো কাপড় ছিল না। লাশের পরনের লুঙ্গী ও জ্যাকেট পুকুরের অন্যস্থান থেকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসিন আলী জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পরিষ্কার ভাবে কিছু বলা যাচ্ছে না।