শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে ‘কচি-কাঁচার উত্সব’ নামে এক ব্যতিক্রমী অনুষ্ঠান করেছে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ১৮ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয় মাঠে কচি-কাঁচার উত্সবে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী নানা আয়োজন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এর মধ্যে ক্ষুদে ডাক্তার দলের স্বাস্থ্য বার্তা, ইংরেজি কথোপকথন, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক জারি গান, ফুটবল ছড়া, নাগিন নৃত্য, একক অভিনয়, একক সংগীত, সুরে সুরে হলদে পাখির ঝাঁকের কথা ও কাব স্কাউট দলের পরিবেশনা ছিল চমকপ্রদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, খোকশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।
খোকশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি বিশেষ ক্যারিকুলামের প্রয়োজন। আর এজন্যই আমাদের এ আয়োজন। এমন অনুষ্ঠান প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বছরে দু-বার আয়োজন করলে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে বলে তিনি মনে করেন।
