বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই বচ্চন এখন হলিউড সিনেমায় কাজ করছেন। তবে অভিনয় নয়, হলিউড ছবির হিন্দি সংস্করণে কণ্ঠ দেন তারা। এ তালিকায় আরো রয়েছেন কাজল দেবগণ, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, পরিনীতি চোপড়া, টাইগার শ্রফসহ অনেকেই।
হলিউড সিনেমায় বলিউড তারকাদের কণ্ঠ দেওয়ার ঘটনা বাড়ছেই। শুভ ও অশুভ শক্তির লড়াই নিয়ে হলিউড সিনেমা মেলফিসেন্ট:মিসট্রেস অব এভিল গত ১৮ অক্টোবর মুক্তি পেয়েছে। সিনেমাটি ভারতে হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছে। আর হিন্দি ডাবিংয়ে অ্যাঞ্জেলিনা জোলির কণ্ঠ দিয়েছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া। কণ্ঠ দেওয়ার সময় সত্যিকারের পরী রাজকন্যার অনুভূতি আনতে তিনি নিজেও ছবির মতো পোশাক পরেন। তার মতে, কাজটি বেশ উপভোগ করা যায়।
আগামী নভেম্বরে মুক্তি পাচ্ছে ওয়াল্ট ডিজনির বহু প্রতীক্ষিত অ্যানিমেশন সিনেমা ‘ফ্রোজেন ২’। সিনেমাটি ইংরেজির পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে ভারতে। আর হিন্দি ডাবিংয়ে এলসা ও অ্যানা চরিত্রে কণ্ঠ দিচ্ছেন বলিউডের অভিনেত্রী দুই বোন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও পরিনীতি চোপড়া। এই প্রথম কোনো সিনেমায় প্রিয়াঙ্কা ও পরিনীতি একসঙ্গে কাজ করছেন।
প্রিয়াঙ্কা চোপড়া অবশ্য হলিউডের ছবিতে অভিনয়ও করছেন। কিন্তু কণ্ঠ দেওয়াটা অভিনয় থেকে পুরোপুরি ভিন্ন বিষয়। অবশ্য এবারই প্রথম নয়। এর আগে দ্য জাঙ্গল বুক-এর হিন্দি সংস্করণে তিনি কা চরিত্রের কণ্ঠ দিয়েছেন। অ্যানিমেশন ছবি প্লেইনে তিনি কণ্ঠ দিয়েছেন ইশানির।
সারাবিশ্বেই জনপ্রিয় ‘দ্য লায়ন কিং’। এটির হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। মজার ব্যাপার হলো, ছবিটিতে এ অভিনেতা মোফাসার কণ্ঠ দিয়েছেন, আর তার সঙ্গে সিমবার চরিত্রে কণ্ঠ দিয়েছেন তার ছেলে। হিন্দি কণ্ঠ দেওয়ার ব্যাপার হলেও পিতা-পুত্রের এটাই প্রথম একসঙ্গে কোনো ছবিতে কাজ করা। এর আগে ২০০৪ সালেও বলিউড বাহশাহ দি ইনক্রেডিবলস ছবির মি. ইনক্রেডিবলের কণ্ঠ দিয়েছিলেন। একই সিনেমায় হলি হান্টারের হয়ে এলাস্টি গার্ল বা হেলেন পার নামে পরিচিত চরিত্রটির কণ্ঠ দেন কাজল।
২০১৭ সালে প্রথমবারের মতো হলিউডে কাজ করেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। স্পাইডার ম্যান:হোমকামিং ছবির মূল চরিত্র টম হল্যান্ডের হিন্দি কণ্ঠ দেওয়ার সুযোগ পান তিনি। অ্যানিমেশন ছবি আইস এইজ:কলিউশন কোর্স-এ হিন্দি কণ্ঠ দেওয়ার সুযোগ পান অর্জুন কাপুর।
নামী তারকা হয়েও কণ্ঠশিল্পী হিসেবে কাজ করা প্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘এটি দারুণ একটা কাজ। অনেক ক্ষেত্রে অভিনয়ের চেয়ে কষ্টকর। মূলত কাজটাকে উপভোগ করতেই এই কাজ করা হয়। ভালো কোনো সুযোগ পেলে হাতছাড়া করি না।’
