সুনীতিকে দুর্নীতি কয় ব্যঙ্গ হাসি হেসে,
তুই তো দেখি দিনে দিনে মরছিস এই দেশে।
তোর পথে দেখ কেউ চলে না, সবাই আমার দিকে
তাই তো আমি উঠছি বেড়ে—তুই হচ্ছিস ফিকে;
তোর দিকে কেউ চায় না ফিরে, যায় না রে তোর কাছে
যাবেই কেন, তোর ভিতরে এমন কি আর আছে?
আমার আছে সব
বাড়ি গাড়ি আর ক্ষমতা
বিত্ত ও বৈভব।
তুই কি পারিস দিতে এসব? তোর মোটে নেই সাধ্য
তোর পিছে কে ঘুরবে মিছে থাকবে হয়ে বাধ্য!
সুনীতি সব শুনে বলে, দুর্নীতি শোন ওরে—
রাত্রি যতোই হোক না গভীর দূর হবে ঠিক ভোরে;
আঁধার কেটে আসবে আবার আলোয় ভরা দিন,
দূর হবে তোর দুর্নীতি সব বাজবে সুখের বীন।
