ফিমোজা পুরস্কার পাচ্ছে বেজা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:৪৪

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দ্য ওয়ার্ল্ড ফ্রি অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন ফেডারেশনের (ফিমোজা) পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী নভেম্বরের মাঝামাঝি মোনাকোয় অনুষ্ঠিতব্য এক সম্মেলনে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এ পুরস্কার গ্রহণ করবেন। বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০১০ সালে প্রণীত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইনের আওতায় দেশের বিভিন্ন অঞ্চল মূলত পশ্চাত্পদ এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন, পরিচালন ও নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) স্থাপন করা হয়। ২০৩০ সালের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি এবং ২০৩০ সালের মধ্যে বার্ষিক অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য উত্পাদন ও রপ্তানির প্রত্যাশা নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।