আসামে দুইয়ের বেশি সন্তান নিলে সরকারি চাকরি নয়

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:৪৬

g এনডিটিভি

‘হাম দো, হামারে দো’—পুরোনো এই পরিবার পরিকল্পনা স্লোগানকেই সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আসাম। সোমবার মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত নেওয়া হয় যে, একটি পরিবারে দুজনের বেশি সন্তান থাকলে আর সরকারি চাকরি মিলবে না তাদের। 

২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে। নতুন এই নিয়মে যে সমস্ত সরকারি কর্মচারীর এরই মধ্যে দুই সন্তান রয়েছে তাদেরও সরকারি চাকরি টিকিয়ে রাখতে হলে এ ব্যাপারে আরো যত্নবান হতে হবে। ঐদিন সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে একটি নতুন ভূমিনীতিও গৃহীত হয়েছে।

নয়া ঐ ভূমিনীতি অনুযায়ী ভূমিহীন আদিবাসীদের তিন বিঘা করে কৃষিজমি এবং বাড়ি নির্মাণের জন্য আধা বিঘা জমি দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানিয়েছেন, ছোটো পরিবার নীতি অনুসারে দুইয়ের অধিক সন্তান থাকলে এসব পরিবার আর সরকারি চাকরি পাবে না। এমনকি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তাদের বাবা-মায়েরা। এদিন রাজ্যের বাস ভাড়া ২৫ শতাংশ বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়।