কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বাক্কার আকন্দকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আবু বাক্কার কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও একই মহল্লার আব্দুল বারিক আকন্দ ওরফে ফালু মিয়ার ছেলে।
জানা যায়, ঝাকালিয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে কটিয়াদী আসার পথে আলেয়া মেম্বারের বাড়ির কাছে দুর্বৃত্তরা অতর্কিতে ধারাল অস্ত্র দিয়ে আবু বাক্কারকে ডান হাত ও ডান পায়ে কুপিয়ে জখম করে। তার চিত্কারে পথচারীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত বাক্কারকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. মো. জাকির হোসেন জানান, বাক্কারের ডান হাত ও ডান পায়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিত্সার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কটিয়াদী থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, শ্বশুরবাড়ি থেকে কটিয়াদী ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।
