টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার!

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২১

আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা

চাকরি দেওয়ার নামে এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার নগেন্দ্রনাথ রায়কে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। ইউএনওর নির্দেশে উপজেলা পরিষদ চত্বর থেকে গত মঙ্গলবার বিকালে তাকে আটক করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে নীলফামারী সদর উপজেলার দোলুয়া দোগাছি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহিন মিয়ার স্ত্রী জ্যোতি বেগমের কাছ থেকে দুই কিস্তিতে ৫ লাখ ৭০ হাজার টাকা নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার ফরহাদ হোসেন রানা জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ইউএনওর নির্দেশে নগেন্দ্রনাথ রায়কে বিকালে আটক করা হয়েছে। রাতে মামলায় দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।