বেরোবি সংবাদদাতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শুদ্ধি অভিযান শুরু করেছে হল প্রশাসন। গত সোমবার থেকে এই অভিযান শুরু হয়। এতে অবৈধভাবে হলে অবস্থানরত শিক্ষার্থীদের উচ্ছেদসহ সিট বৈধকরণ করার কার্যক্রম চালানো হচ্ছে।
জানা গেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য তিনটি আবাসিক হলে মাত্র ৮৮৯টি আসন রয়েছে। ছেলেদের দুই আবাসিক হলের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৩০৭টি এবং শহীদ মুখতার ইলাহী হলে ২৪০টি সিট রয়েছে। অপরদিকে মেয়েদের একমাত্র আবাসিক হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২৪২টি সিট রয়েছে। মেয়েদের হলে আবাসিকের ব্যাপারে কোনো সমস্যা না থাকলেও ছেলেদের দুই হলে অবৈধ শিক্ষার্থীদের দৌরাত্ম্যে বৈধ শিক্ষার্থীরা তাদের সিটে উঠতে পারছে না।
এদিকে শহীদ মুখতার ইলাহী হলে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে ২৪০টি সিটের বিপরীতে বৈধভাবে অবস্থান করছেন ১১৪ জন শিক্ষার্থী। বাকি ১২৬টি সিট বৈধকরণের জন্য চলতি মাসের ২২-৩০ তারিখের মধ্যে আবাসিকতার ফরম পূরণ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ অক্টোবর সকালে ভাইভা এবং বিকেলে ফলাফল। তাছাড়া ৩ ও ৪ নভেম্বর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সদস্য সচিব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান বলেন, ‘বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই হলে অবস্থানকারী অবৈধ ও অনাবাসিক শিক্ষার্থীদের বিষয়ে বারবার উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজ হয়নি। কিন্তু এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় হল প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। আশাকরি আর অল্প সময়ের মধ্যেই হলগুলোতে সম্পূর্ণ আবাসিক শিক্ষার্থীদের বৈধভাবে থাকার সুযোগ করে দেওয়া সম্ভব হবে। এরপরেও হলের শৃঙ্খলা বিনষ্ট করার জন্য যদি কেউ তত্পরতা চালানোর চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
