গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল, মাছ ধরার নৌকাসহ পাঁচ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা ও চার জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটককৃত জেলেরা সবাই উপজেলার হোসেন্দী ইউনিয়নের রঘুরচর গ্রামের বাসিন্দা।
গজারিয়া কোস্টগার্ড ইনচার্জ (এসইপিও) মো. ইয়াহিয়া জানান, বুধবার উপজেলার মোহনা ও রঘুরচর এলাকার মেঘনা নদীতে নৌ পুলিশ, উপজেলা মত্স্য অফিসার আসলাম হোসেন শেখ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ১ লাখ মিটার কারেন্ট জাল, মাছ ধরার তিনটি নৌকাসহ পাঁচ জেলেকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান সাদী জানান, চার জনকে সাত দিনের জেল ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জেলেদের মুন্সীগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
