টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২৩

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে নাফ নদী সংলগ্ন হাজী খালে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার গভীর রাতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির বিশেষ টহল দল নিয়ে দমদমিয়া হাজী খালে অভিযান চালালে কয়েকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে কয়েকটি ইয়াবার বস্তা পাওয়া যায়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১২ কোটি ৯০ লাখ টাকা মূল্যমানের ৪ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। তা পরবর্তীতে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়।

এদিকে, টেকনাফে র্যাব ও কোস্টগার্ড সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার ভোর সোয়া ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প এবং কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের যৌথ অভিযানিক দল নতুন পল্লানপাড়ায় বসতঘরে তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবাসহ ইয়াকুবকে আটক করে।