রাজশাহীতে চিড়িয়াখানার খাঁচার পাখি অবমুক্ত

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

শহীদ এ এইচ এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার খাঁচা থেকে ভুবন চিল ও নিশিবক পাখি অবমুক্ত করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বুধবার সকালে সাতটি ভুবন চিল ও ২০টি নিশিবক অবমুক্ত করেন মেয়র। এসময় রাসিকের এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাসিকের ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দীন জানান, বর্তমানে আবাসস্থল সংকট, খাদ্য সংকট, অবৈধ শিকার, পাচার, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি নানা কারণে অধিকাংশ বন্যপ্রাণী ও পাখি বিলুপ্তির পথে। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে মেয়র ২০টি বক এবং সাতটি চিল অবমুক্ত করেন। পর্যায়ক্রমে দুই শতাধিক বক অবমুক্ত করা হবে।

এ ব্যাপারে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশে অনেক পাখি বিলুপ্ত প্রায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে পাখিগুলো অবমুক্ত করা হলো। এছাড়া পায়রার খাঁচা উন্মুক্ত রাখা হবে।