তিন জনের জরিমানা
বরিশাল অফিস
বরিশালের কীর্তনখোলা ও আন্দারমানিক নদীতে মা ইলিশসহ ২৪ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ২১ জনকে এক মাস করে কারাদণ্ড এবং তিন জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কোস্টগার্ড জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কীর্তনখোলা ও আন্দারমানিক নদীতে অভিযান চালিয়ে ১৫টি নৌকা তল্লাশি করে ১০০ কেজি মা ইলিশ উদ্ধার করেন তারা। এ সময় ৪ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ২৪ জন জেলেকে আটক করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ২১ জন জেলেকে এক মাস করে কারাদণ্ড এবং তিন জন জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে জব্দকৃত ৪ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস এবং ১০০ কেজি ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলা মত্স্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত।
