আবারও বাংলাদেশ সিরিজের আশাবাদ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:৩০

আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক

ব্যাপারটা চূড়ান্তই হয়ে ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। গতকাল বুধবার সেটাও হয়ে গেল। ভারতীয় ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বোর্ডগুলোর একটি বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির পদে বসলেন সৌরভ গাঙ্গুলি।

১০ মাসের মেয়াদে দায়িত্ব নিয়েই সৌরভ আবারও বাংলাদেশ ক্রিকেটের চলমান অবস্থা নিয়ে মুখ খুললেন। আশাবাদ জানিয়ে সৌরভ গাঙ্গুলি সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে জানিয়েছেন যে, তিনি টেস্ট ম্যাচ দেখতে কলকাতায় আসবেন। এই অবস্থায় জাতীয় দল কীভাবে না এসে পারে।’

সভাপতি হিসেবে সৌরভের নাম ঘোষণার মধ্য দিয়ে ইতি ঘটল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) যুগের। আর এর মধ্য দিয়ে পূর্ণমেয়াদে বোর্ড প্রধান হলেন সাবেক কোনো ভারতীয় ক্রিকেটার। সিওএর সদস্যদের উপস্থিতিতেই সৌরভ দায়িত্ব বুঝে নেন।

সৌরভ জানিয়েছেন, তিনি মূলত কাজ করতে চান ভারতের ঘরোয়া ক্রিকেট কাঠামো নিয়ে। বললেন, ‘আমাদের বিসিসিআইয়ের এই দলটা বেশ তরুণ। জয় শাহ, অরুণ সকলেই তরুণ। আমরা এখন কেবল ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নতিতে মনোনিবেশ করব। গেল অনেক দিন ধরে যে সমস্যা চলে আসলে সেসব সমাধানের চেষ্টা করব। আমাদের মূল পরিকল্পনা হলো ঘরোয়া ক্রিকেট কাঠামো ঢেলে সাজানোর। স্টেডিয়ামের সুযোগ-সুবিধা বাড়ানোরও পরিকল্পনা আছে।’

দায়িত্ব বুঝে নেওয়ার সময়ে ভারতের সব রাজ্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যারা সৌরভকে সর্বসম্মতিতে বোর্ড প্রধান বানানোর ব্যাপারে সায় দিয়েছেন। সাবেক অধিনায়ক সৌরভ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উত্তরাখান্ডের মাহিম ভার্মা। সাবেক বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের ছোটো ভাই অরুণ ধামাল কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন এই কমিটিতে।

সংবাদ সম্মেলনে সৌরভ নিজেই পরিষ্কার করে দিয়েছেন যে, তিনি আজ বৃহস্পতিবার অক্টোবর ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, ‘আমি কাল (আজ) বিরাট কোহলির সঙ্গে কথা বলব। ও ভারতের অধিনায়ক ও ভারতীয় ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা যথাসম্ভবভাবে ওর সমর্থন করব। আমাদের উদ্দেশ্য নিজেদের দলের অধিনায়কের সাহায্য করা আর এই কাজকে আমরা সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে পালন করার চেষ্টা করব।’