স্পোর্টস ডেস্ক
কিলিয়ান এমবাপ্পে ইনজুরি থেকে ফিরেই জাদুকরী নৈপুণ্য দেখিয়ে ভেঙে দিলেন লিওনেল মেসির গোলের পুরোনো একটি রেকর্ড।
এমবাপ্পে গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্যারি সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে হ্যাটট্রিক করেন। এটি ছিল মহাদেশীয় লিগটিতে পিএসজির তৃতীয় ম্যাচে সমানসংখ্যক জয়। এমবাপ্পের গোলগুলোয় তার দল ক্লাব ব্রাগাকে ৫-০ গোলে হারায়।
সর্বশেষ নৈপুণ্যের সুবাদে এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সি হিসেবে ১৫ গোল করলেন। আগে এ রেকর্ডটি ছিল আর্জেন্টাইন মেসির দখলে। ফরাসি এই স্ট্রাইকার দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে শেষ দিকে গোলগুলো করেন। মাঠে নামার আট মিনিটের মাথায় গোলের দেখা পান তিনি। সব মিলিয়ে মাত্র ২৩ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। বদলি খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ২০০৮ সালে লরেন্তের পর এটাই প্রথম হ্যাটট্রিক। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ডটি ভাঙার সময়ে তার বয়স ছিল ২০ বছর ৩০৬ দিন। মেসির রেকর্ডটি ছিল ২১ বছর ২৮৮ দিনের।
ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রতি ৭৮ মিনিটে এমবাপ্পে একটি করে গোল কিংবা গোলের জোগান দিয়ে চলেছেন। যদিও সাম্প্রতিক সময়ে হ্যামস্ট্রিং ইনজুরির সমস্যায় ভুগছিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার রাতে অবশ্য তার চেয়েও কম সময়ে হ্যাটট্রিক করার নৈপুণ্য দেখিয়েছেন আরেক ফরোয়ার্ড। তিনি হলেন রাহিম স্টার্লিং, ম্যানচেষ্টার সিটির খেলোয়াড়। এই রাতে সিটির জয়ে ইংলিশ ফরোয়ার্ডটি কেবল ১১ মিনিটেই গোল তিনটি করেন।
