পাকিস্তান পৌঁছেছে নারী দল

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:৩২

স্পোর্টস রিপোর্টার

তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলতে গতকাল পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিমানবন্দরে বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করে নেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উইমেন উইংয়ের মহাব্যবস্থাপক আয়েশা আশার। সেই সঙ্গে উপস্থিত ছিলেন আরো কয়েক জন বোর্ড কর্মকর্তা।

১৫ সদস্যের এই দলের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন সালমা খাতুন। আর ওয়ানডেতে নেতৃত্ব দেবেন রুমানা আহমেদ। মূল দলের বাইরেও আট ক্রিকেটার থাকছেন স্ট্যান্ডবাই হিসেবে। ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ২৮ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ২ ও ৪ নভেম্বর দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য গতকাল ঘোষণা করা হয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। বিসমাহ মারুফের অধিনায়কত্বে এই দলে রাখা হয়নি অস্ট্রেলিয়ায় নারী বিগ ব্যাশ খেলতে থাকা নাদিয়া দারকে। এছাড়া জেভিরা রাউফ, ফাতিমা সানা, নাশরা সান্ধু ও রামিন সাইদ দল থেকে বাদ পড়েছেন।