স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ
দলের প্রয়োজনের মুহূর্তে নিজেকে মেলে ধরলেন পাওলো দিবালা। দুই মিনিটে দুবার জালে বল পাঠালেন এই আর্জেন্টাইন। তাতে লোকোমোতিভ মস্কোকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যাহত রাখলো জুভেন্তাস।
জুভেন্তাস গত মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের খেলাটিতে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল স্বাগতিক। যদিও বল দখলে একচেটিয়া আধিপত্য রেখেও জুভেন্তাস প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এর মধ্যে অনেকটা আচমকাই খেলার ধারার বিপরীতে ৩০তম মিনিটে এগিয়ে যায় অতিথিরা। হাফ ভলিতে ঠিকানা খুঁজে নেন রুশ মিডফিল্ডার আলেকসেই মিরানচুক।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না জুভেন্তাস। শেষ পর্যন্ত দেখা যায় দিবালা জাদু। ৭৭ ও ৭৯তম মিনিটে গোল দুটি করেন এই তারকা ফরোয়ার্ড।
তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্তাস। গ্রুপ শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ যারা এদিন আলভারো মোরাতার একমাত্র গোলে বায়ার লেভারকুসেনকে হারায়। তবে অ্যাটলেটিকোরও অর্জন ৭ পয়েন্ট।
