খাদের কিনারেও আত্মবিশ্বাসী বসুন্ধরা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:৩২

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে শিরোপাজয়ের লক্ষ্য নিয়ে এলেও প্রিমিয়ার লিগজয়ী বসুন্ধরার সূচনাটা হয়েছে বড়ো বিবর্ণ। মোটে দুই দিনের নোটিশে প্রথম ম্যাচের ২৮ ঘণ্টা আগে বাংলাদেশে আসা গোকুলাম কেরালার কাছে দলটি হেরেছে ৩-১ গোলে। ফলে ‘বি’ গ্রুপ থেকে বসুন্ধরার সেমিফাইনালে ওঠা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

আজ বৃহস্পতিবার চেন্নাই সিটির বিপক্ষে না জিতলে কোচ অস্কার ব্রুজনের শিষ্যদের বিদায় নিতে হবে প্রথম রাউন্ড থেকেই। এমন সমীকরণের সামনেও হতোদ্যম হচ্ছেন না দলটির কোচ অস্কার ব্রুজন। জানালেন, চেন্নাইকে হারিয়েই প্রতিযোগিতায় প্রথম তিনটি পয়েন্ট অর্জন করতে চায় তার দল।

বসুন্ধরা কিংস গত মঙ্গলবার চট্টগ্রামে চলমান এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল। শুরু থেকে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে খেললেও ২৫ মিনিটে হেনরি কিসেকার গোল দৃশ্যপট পালটে দেয়। এরপর ৩১ মিনিটে নাথানিয়েল গার্সিয়ার ফ্রি-কিকে ব্যবধান বাড়ায় সফরকারী গোকুলাম। বিরতি থেকে ফিরেই হেনরি কিসেকা নিজের দ্বিতীয় গোলটি পেয়ে গেলে অকূল পাথারে পড়ে বসুন্ধরা। ৭১ মিনিটে বদলি খেলোয়াড় মতিন মিয়া ব্যবধান কমানোর পর প্রিমিয়ার লিগজয়ীরা বহু চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি।

হারটির পর সেমিফাইনালে খেলাটা কঠিন হয়ে গেলেও অসম্ভবের কিছুই দেখছেন না কোচ অস্কার ব্রুজন। গতকাল স্থানীয় বন্দর মাঠে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আপনি যদি গ্রুপের সমীকরণটা দেখেন তাহলে দেখবেন দুটো দল দুই গোলে এগিয়ে তিন পয়েন্ট নিয়ে আছে। আর দুটো দল আছে দুই গোলে পিছিয়ে। আমার মনে হয় পরের দুই ম্যাচে ছয় পয়েন্ট জিততে পারলে পরের রাউন্ডে যেতে পারব আমরা।’

স্প্যানিশ এই কোচ খেলাটিকে সামনে রেখে প্রথম ম্যাচের একাদশ থেকে আজ বড়োসড়ো পরিবর্তনের আভাস দিয়েছেন। ব্রুজনের ভাষ্য, ‘গতকাল আমরা নতুনদের বাজিয়ে দেখতে চেয়েছিলাম। কিছু সমস্যা হয়েছে আমাদের। আমি খুশি কারণ সমস্যাগুলো এখনই চোখে পড়ে গেছে। মানিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন তাদের। অনেক পরিবর্তন আসতে যাচ্ছে আগামীকাল (আজ)। গতকালের খেলায় আমি সন্তুষ্ট নই মোটেও। তবে ব্যক্তিগত খেলায় নয়, পুরো দলই নির্দেশনা অনুযায়ী খেলতে পারেনি। রক্ষণে-আক্রমণে কোথাও ঠিকঠাক খেলেনি দল।’

এদিকে বসুন্ধরার প্রতিপক্ষ চেন্নাই সিটির সামনেও সমীকরণটা একই। জিততে না পারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। আইলিগ জয়ী দলটিতে গেলবারের স্কোয়াড থেকে অনেকেই পাড়ি জমিয়েছেন আইএসএলে কিংবা বিদেশি কোনো লিগে। সে দলটির তিন-চার জন খেলোয়াড়ই অবশিষ্ট আছেন চেন্নাই দলে।

এমন স্বল্পতার সঙ্গে প্রথম ম্যাচে তেরেঙ্গানুর কাছে হার দলটির সেমিফাইনাল খেলাকে মুড়িয়ে দিয়েছে বড়ো শঙ্কার চাদরে। দলটির কোচ আকবর জানালেন, তারপরও লড়াই চালিয়ে যাবেন তার শিষ্যরা। জয়যাত্রা ধরে রাখতে চায় তেরেঙ্গানু ও গোকুলাম।

দিনের দ্বিতীয় ম্যাচে পরিস্থিতিটা বেশ ভিন্ন। প্রথম ম্যাচে দাপুটে জয় নিয়ে একে অপরের মুখোমুখি হচ্ছে তেরেঙ্গানু এফসি আর গোকুলাম এফসি। দুই দলের কোচই জানালেন, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জয়যাত্রা ধরে রেখে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় তাদের দল। 

আজকের খেলা

বসুন্ধরা কিংস-চেন্নাই সিটি এফসি

তেরেঙ্গানু এফসি-গোকুলাম কেরালা