শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করতে গিয়ে দুই স্পিডবোটের সংঘর্ষে স্বপন মোল্যা (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় হান্নান ব্যাপারী নামে আরো এক জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার জাজিরার ঝিনু মার্কেট এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। স্বপন মোল্যা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের হাসেম ফরাজীকান্দি গ্রামের হাকিম মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল স্পিডবোট নিয়ে পদ্মা নদীতে ইলিশ শিকার করতে যায় স্বপন মোল্যা ও তার সহযোগীরা। স্পিডবোট জাজিরা উপজেলার পালের চর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন স্বপন মোল্যা গুরুতর আহত হয়। অন্য জেলেরা তাকে উদ্ধার করে চিকিত্সার জন্য জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জাজিরা থানা পুলিশ চারজনকে আটক করেছেন।
স্বপন মোল্যার বাবা হাকিম মোল্যা বলেন, ভোরে জানতে পারি স্পিডবোটে মাছ শিকার করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছে স্বপন। হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে মারা গেছে।
