টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের শুভ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শুভ কিশোরগঞ্জের ভৈরব থানার শ্রীনগরের মৃত বাচ্চু মিয়ার ছেলে। শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল জানান, কয়েকদিন ধরে শুভর জ্বর ছিল। ডাক্তার তাকে দেখে ওষুধ দিয়ে যায়। ওষুধ খাওয়ানোর পর সে সুস্থ হয়। দুইদিন পর তার আবার জ্বর আসে। ডাক্তারের পরামর্শে ডেঙ্গুসহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট সব ভালো আসে। সে দিনদিন দুর্বল হয়ে পড়ে। সোমবার সকালে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান জানান, শুভ দুইমাস আগে চট্টগ্রাম থেকে একটি মাদকদ্রব্যের মামলায় এখানে আসে।
