নারী ও শিশু নির্যাতন রোধে শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্সের জারি গান ও পথনাটক

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:৩৬

নারী ও মেয়েশিশুদের ওপর নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক ও যৌন হয়রানি প্রতিরোধে এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের বিভিন্ন এলাকায় রোড শো এবং কুমিল্লা পাড়ায় পথনাটক অনুষ্ঠিত হয়েছে। তথ্যভিত্তিক এসব অনুষ্ঠান ছাড়াও জারিগান, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। এসব কর্মসূচির মাধ্যমে আশিদ্রোন ইউনিয়নের বিভিন্ন কমিউনিটির ৬-৭ হাজারের বেশি মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় এবং পথনাটকের মাধ্যমে ৪০০-৫০০ মানুষকে সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিদ্রোন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর), বিভিন্ন ওয়ার্ড সদস্য এবং ব্রেকিং দ্য সাইলেন্সের কর্মকর্তা মো. আব্দুল হান্নান। সাতগাঁও ইউপির চেয়ারম্যান মিলন শীল নাটক প্রদর্শনের পর ব্রেকিং দ্য সাইলেন্সকে ধন্যবাদ জানিয়ে যে কোনো সমস্যা তাকে জানালে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এছাড়া ওয়ার্ড সদস্য এবং প্রজেক্ট ফ্যাসিলিটেটর কান্তা সরকার বক্তব্য রাখেন। 

প্রসঙ্গত, বেসরকারি প্রতিষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্স শিশু অধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশুর প্রতি নির্যাতন বিশেষত শিশু যৌন নির্যাতন প্রতিরোধে ১৯৯৪ সাল থেকে কাজ করছে। সমাজের অন্যান্য অধিকার বঞ্চিত গোষ্ঠী বিশেষত প্রান্তিক নারীদের প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধেও কাজ করছে সংগঠনটি।—প্রেস বিজ্ঞপ্তি।