বিশেষ প্রতিনিধি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের কৃষিক্ষেত্রের অভূতপূর্ব উন্নয়নের পেছনে কৃষিবিদদের ভূমিকা অপরিসীম। গতকাল বুধবার শেরেবাংলা নগরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। কৃষিক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বের বুকে যে সুদৃঢ় অবস্থান করে নিয়েছে, তার পেছনে কৃষিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের সহায়তায় সরকার বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করছে। এ ভর্তুকির পরিমাণ ভবিষ্যতে আরো বৃদ্ধি করা হবে। কৃষির উন্নয়নে বর্তমান সরকারের ব্যাপক পরিকল্পনার কারণেই কৃষিতে বাংলাদেশ আজ ঈর্ষণীয় অবস্থান গড়তে পেরেছে। এই অবস্থানকে আরো এগিয়ে নিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কৃষিবিদদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের সভাপতি এ টি এম আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মুজিবুর রহমান, কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ এর মহাসচিব মো. খায়রুল আলম প্রিন্স, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ এর মহাসচিব মো. আলফাজ উদ্দিন বক্তব্য রাখেন। ডিপ্লোমা কৃষিবিদ দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
