দুই জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
বিশেষ প্রতিনিধি
প্রশাসনে এক জনকে সচিব এবং ১৫৭ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া দুই জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।
খুলনা বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব লোকমান হোসেন মিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নিয়োগ করা হয়েছে। এই মন্ত্রণালয়ের সচিব বেলায়েত হোসেনকে সেতু বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া দীর্ঘদিন ঝুলে থাকা অতিরিক্ত সচিব পদের পদোন্নতির আদেশ গতকাল বুধবার জারি হয়েছে। এতে ১৫৭ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ম ব্যাচ থেকে ১৯৮৫ ব্যাচ পর্যন্ত ৩২ কর্মকর্তা রয়েছেন। ইতিপূর্বে তারা পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সচিব ফয়েজ আহমেদ অতিরিক্ত সচিব (এপিডি) মেসবাহউদ্দিন গতকাল বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পদোন্নতির সারসংক্ষেপে অনুমোদন নেন। পরে তা জারি করা হয়।
সচিব ফয়েজ আহমেদ দাবি করেন, এবারই অনেক বিচার-বিশ্লেষণ করে পদোন্নতি দেওয়া হয়েছে। এ জন্য কিছুটা বিলম্ব হয়েছে।
অপরদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসানকে হবিগঞ্জ এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আশরাফুল আলমকে মাগুরা জেলার জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
