হজমে সমস্যা হলে

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২২:০৮

ডা. তানজিয়া নাহার তিনা

বিভিন্ন কারণে অনেক সময় খাবার হজমের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, তৈলাক্ত ও মশলাদার খাবার, ধূমপান, কম পানি পান, মানসিক চাপ, অপরিমিত কায়িক শ্রম ইত্যাদি বিভিন্ন কারণে হজমের এই সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে কিছু অভ্যাস পরিবর্তন অত্যন্ত জরুরি।

যেমন:অতিরিক্ত তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার যতটা সম্ভব না খাওয়া, এবং খাবারে যতটা সম্ভব মশলা কম ব্যবহার করা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস করা। দ্রুত ও অল্প সময়ে খাবার না খেয়ে ধীরে ধীরে চিবিয়ে খাবার খাওয়া উচিত। এতে খাবার দ্রুত হজম হয়। সবসময় খাবারের পরিমাণের দিকে লক্ষ্য রাখা এবং অতিরিক্ত খাবার গ্রহণ না করা। রাতের খাবারের অন্তত দুই থেকে তিন ঘণ্টা পর ঘুমাতে যাওয়ার অভ্যাস করা। খাবার গ্রহণের অন্তত আধঘণ্টা পর পানি খাওয়া। অনেক সময় নির্দিষ্ট কিছু খাবারে হজমের সমস্যা হতে দেখা যায়। যেমন: শাকসবজি, মিষ্টি কিংবা দুধজাতীয় খাবার ইত্যাদি। এসব ক্ষেত্রে এই খাবারগুলো যতটা সম্ভব কম গ্রহণ করাই উত্তম। নিয়মিত ব্যায়ামের অভ্যাস করা। এসব নিয়ম মেনে চলার পরও যদি হজমের সমস্যা সমাধান না হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ