বগুড়ায় গ্রাহকের ২৫ কোটি টাকা নিয়ে উধাও বায়রা লাইফ ইনস্যুরেন্স

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২২:১৩

বগুড়া অঞ্চলের কয়েক হাজার গ্রাহকের প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকতারা। দেড় বছর ধরে ঐ ইনসিওরেন্স কোম্পানির বগুড়া বিভাগীয় অফিসে ঝুলছে তালা। প্রতিদিন অসংখ্য গ্রাহক তাদের পলিসির মেয়াদ পূরণের টাকা তুলতে এসে অফিস তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছে। গ্রাকহরা জানেন না কোথায়, কার কাছে গেলে তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাওয়া যাবে।

গ্রাহকের অভিযোগ এবং অনুসন্ধানে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল থেকে অধিক লাভের প্রলোভন দিয়ে কয়েক হাজার গ্রাহক সংগ্রহ করা হয়েছিল। এসব গ্রাহকের অধিকাংশই দিনমজুর, খেতমজুর, রিকশা-ভ্যানচালক নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ইনসিওরেন্স কোম্পানিতে জমানো টাকা হারিয়ে তারা এখন দিশেহারা। সারিয়াকান্দির আন্দরবাড়ি গ্রামের গিয়াস প্রামাণিক, ইংরেজ প্রামাণিক, সুমন ইসলাম, জাহিদুল প্রামাণিক, শাহিন প্রামাণিক, জহুরুল প্রামাণিক,  জীবন নাহার, রোকেয়া বেগম, দারুনা গ্রামের হাসিনা বিবি, আন্দরবাড়ির নাজনিন বিবি, দারুনা গ্রামের বিউটি বেগম, তোফাজ্জল প্রামাণিক, নাজমা বেওয়া, সাহিদা বেগম, দারুনা গ্রামের শামিম মিয়া, দেলুয়াবাড়ি গ্রামের আমির মণ্ডল ও রিয়াজুল করিম—এরা  প্রত্যেকেই ১০ বছরে ৩০ হাজার টাকার প্রিমিয়াম জমা দিয়েছেন। গ্রাহকরা অভিযোগ করেন, বিমার মেয়াদ পূরণ হলে দেড় বছর আগে টাকা তুলতে গিয়ে দেখেন অফিস তালাবদ্ধ। সে থেকে এখন পর্যন্ত তালাবদ্ধই রয়েছে।

জানা গেছে, ১৫ বছর আগে বগুড়া শহরের ব্যস্ততম রাজাবাজারে শেখ ম্যানশনের তৃতীয় তলায় অফিস ভাড়া নিয়ে বিমা ব্যবসা শুরু করে বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। এ ব্যাপারে শেখ ম্যানশনের মালিক আলহাজ শেখ লয়া উদ্দিন বলেন, ১ লাখ টাকা বাড়ি ভাড়া বাকি রেখে দেড় বছর আগে হঠাত্ করে অফিস বন্ধ করে কর্মকর্তারা গা ঢাকা দেয়। অফিসে কয়েকটি ভাঙা চেয়ার-টেবিল, ফাইলপত্র ছাড়া আর কিছু নেই। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জহিরউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাড়ি ভাড়া ও গ্রাহকের টাকা দেই-দিচ্ছি, চেক পাঠাচ্ছি বলে সময়ক্ষেপণ করেন। এখন আর ফোন ধরেন না। তিনি বলেন, শিগিগরই উকিল নোটিশ করে তালা ভেঙে দখল নেব।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া বলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অভিযোগ করলে তদন্ত করে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে।

বাংলাদেশ ব্যাংক বগুড়ার মহাব্যবস্থাপক জগন্নাথ চন্দ্র ঘোষ বলেন, আইডিআরের কাছে অভিযোগ করলে তারা ব্যবস্থা নিতে পারে। বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরউদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যবসা মন্দা যাচ্ছিল। তাছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ববান ছিলেন না। তাই সাময়িকভাবে অফিস বন্ধ রয়েছে। তিনি বলেন, গত সপ্তাহে বগুড়া অঞ্চলের গ্রাহকদের ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। নভেম্বর, ডিসেম্বর মাসে সব গ্রাহকের টাকা পরিশোধ করা হবে।