জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এরশাদ একটি কল্যাণমুখী, অর্থনৈতিক এবং গ্রামমুখী ও জনপ্রতিনিধিত্বশীল প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই উপজেলাব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এখন উপজেলা আছে; কিন্তু সেখানে আদালত নেই। ফলে গ্রামীণ জনগণ প্রকৃত উপজেলার সুফল থেকে বঞ্চিত হচ্ছে। গ্রামীণ জনপদের উন্নয়ন ও সমৃদ্ধির সবচেয়ে কার্যকর ব্যবস্থা উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি। গতকাল বুধবার তিনি তার বনানীস্থ কার্যালয়ে ‘উপজেলা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন।
অনুষ্ঠানে জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, এরশাদের অনন্য সৃষ্টির মধ্যে উপজেলা পদ্ধতি প্রবর্তন অন্যতম। ৯ বছরের শাসনামলে এরশাদ উন্নয়নের যে কীর্তি গড়েছেন, তা এখন পর্যন্ত অন্য কোনো সরকার করতে পারেনি। সভায় আরো বক্তব্য রাখেন—জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, আলমগীর সিকদার লোটন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ছাত্রসমাজের সদস্যসচিব ফয়সল দিদার প্রমুখ।
