গাছ কাটার ঘটনায় ফেসবুকে ভাইরাল সেই নারী গ্রেফতার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০০:০৯

সাভারে একটি বহুতল ভবনের ছাদ বাগানে লাগানো গাছ কেটে ফেলার ভিডিওচিত্র ফেসবুকে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত নারী খালেদা আক্তার লাকিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সাভার পৌর এলাকার ডগরমোড়া এভিনিউ নক্ষত্র বাড়ি থেকে ঐ নারীকে আটক করে পুলিশ।

আটক লাকি আইনজীবী সেলিম আল দীনের স্ত্রী। তারা ভবনটির ছয় তলার একটি ফ্ল্যাটে থাকেন। বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহফুজ। এসময় ভয়ভীতি প্রদর্শন ও বৃক্ষ নিধনের অভিযোগে খালেদা আক্তার লাকী নামে ঐ নারীকে আটক করা হয়।

সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, গাছ কেটে ফেলার অভিযোগে সকালে ঐ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে ভয়ভীতি প্রদর্শন ও বৃক্ষ নিধনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে ঐ নারীর পরিবারের পক্ষ থেকে তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলা হচ্ছে।

এদিকে ছাদবাগানের ক্ষতিগ্রস্ত মালিক শতাধিক গাছ উপহার পেয়েছেন। বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন ঐ বাড়ির ছাদ পরিদর্শন করে গাছ কাটার ঘটনায় নিন্দা জানায় এবং ক্ষতিগ্রস্ত গাছ মালিকের হাতে বিভিন্ন ধরনের শতাধিক গাছ তুলে দেন। এর আগে বুধবার গাছকাটার ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি পোস্ট করেন সুমাইয়া হাবিব নামে এক নারী। তিনি ভিডিওতে গাছগুলো বাঁচানোর জন্য কাকুতি-মিনতি করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ঐ নারী দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদ বাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন। এ সময় বাগানের মালিক গাছ না কাটার জন্য তার কাছে অনুনয়বিনয় করছেন। চোখের সামনেই তিলে তিলে গড়া শখের বাগানটি টুকরো টুকরো হতে দেখছেন তিনি। কিন্তু তার আকুতি ঐ নারীর হূদয় একেবারেই স্পর্শ করছে না। লাগাতার গাছ কেটেই যাচ্ছেন তিনি। এ সময় তার ছেলেকে একদল সহযোগী নিয়ে ছাদে দেখা যায়। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।