প্রাথমিক শিক্ষক আন্দোলনের নামে ঢাকায় সমাবেশে যোগদানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল বুধবার শিবালয় উপজেলার পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আতিকুর রহমান কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি।
জানা গেছে, বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে যোগদানের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের প্রতি সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু তা উপেক্ষা করে একশ্রেণির শিক্ষক সমাবেশে যোগদানের উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করেন।
শিবালয় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান ইত্তেফাককে জানান, ২৩ অক্টোবর আখেরী চাহার শোম্বা উপলক্ষে বিদ্যালয়ে সরকারি ছুটি রয়েছে। কিন্তু এদিন শিক্ষক-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ বা ছুটি মঞ্জুর না করার সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। সহকারী শিক্ষক আতিকুর রহমানের খোঁজ নিলে কর্মস্থলে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার হদিস মেলেনি। এ ব্যাপারে অনুপস্থিত সকল শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির সভা
শিবালয় উপজেলা স্বাস্থ্য বিভাগের সহয়তায় পিআইএইচআরএস ফেজ-২ আয়োজিত প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ষান্মাষিক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: শাহ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম ফারুক, প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, প্রতিবন্ধী সংস্থা ডিআরআরএ সমন্বয়কারী সৈয়দ সাখাওয়াত হোসেন, সভাপতি পরিমল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তালিকাভুক্ত ৩১২ জন প্রতিবন্ধী নিয়ে এ সংস্থার কার্যক্রম শুরু হলেও বর্তমানে ১৩২৫ জন প্রতিবন্ধীকে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। এর মধ্যে এর মধ্যে উন্নত চিকিত্সা, হুইল চেয়ার, ক্রাচ, সাদা ছড়ি, ওষুধ, হেয়ার এইড অন্যতম।
