কালুখালীতে পদ্মায় মা-ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় উপজেলা মত্স্য কর্মকর্তা আবদুস সালামসহ দুই পুলিশ সদস্য ও এক আনছার সদস্য আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় কালিকাপুর ইউনিয়নের গতমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, সন্ধ্যায় উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুস সালাম, পুলিশ সদস্য ও আনছার সদস্যদের নিয়ে মা ইলিশ রক্ষা অভিযানে যায়। এ সময় তিনি কালুখালী উপজেলার সাদারচর এলাকায় গেলে জেলেরা তাদের ওপর হামলা চালায়। এতে মত্স্য কর্মকর্তা ও পুলিশ কনস্টেবল সজল ও হাফিজ এবং আনছার সদস্য চাঁদ মিত্র আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
