ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে খসড়া ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটেনের বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি এমন সময় বৈঠকটি করলেন যখন পার্লামেন্ট চুক্তি নিয়ে আলোচনার জন্য তার তিন দিনের সময়সীমাকে প্রত্যাখ্যান করেছে। এদিকে ইইউ ব্রেক্সিট চুক্তি কার্যকরের মেয়াদ তিন মাস বাড়াতে পারে বলে জানা গেছে। খবর বিবিসি ও রয়টার্সের।
লেবার পার্টির মুখপাত্র জানিয়েছেন, করবিন খসড়া চুক্তি যাচাই-বাছাইয়ের জন্য যৌক্তিক সময়সীমা চান। আর চুক্তিহীন ব্রেক্সিটের সিদ্ধান্ত থেকে সরে এলে লেবার পার্টি সাধারণ নির্বাচনকেও সমর্থন দেবে বলে মুখপাত্র জানিয়েছেন। প্রধানমন্ত্রী বরিস বৈঠকে করবিনের কাছে জানতে চেয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্রেক্সিট চুক্তি কার্যকরের মেয়াদ না বাড়ালে তিনি কী করবেন। এর আগে প্রধানমন্ত্রী তিন দিনের সময়সীমা পার্লামেন্ট প্রত্যাখ্যান করায় নিন্দা জানান। ভোটাভুটির আগে তিনি জানিয়েছিলেন, এমপিরা বিপক্ষে ভোট দিলে তিনি ব্রেক্সিট প্রক্রিয়া স্থগিত করবেন।
আরো পড়ুন: নুসরাত হত্যার রায় আজ: আসামিদের সর্বোচ্চ শাস্তি চান মা
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক টুইটার বার্তায় বলেছেন, ব্রেক্সিট কার্যকরের মেয়াদ বাড়াতে তিনি সুপারিশ করেছেন। ইইউ এটি বিবেচনা করবে। জানা গেছে, ইইউ কার্যকরের মেয়াদ তিন মাস বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করতে পারে। তবে ফ্রান্স সংক্ষিপ্ত সময়ের জন্য মেয়াদ বাড়াতে চায়। যদিও ২৭টি সদস্য রাষ্ট্রেরই সমর্থন লাগবে।
ইত্তেফাক/বিএএফ
