এক কিশোর বাংলাবিদের গল্প

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২০:২৫

অয়ন চক্রবর্তী, সহপাঠী ও বন্ধুদের কাছে প্রিয় একটি নাম। চুপচাপ স্বভাবের অয়ন শুধু অ্যাকাডেমিক পড়াশোনা নিয়েই বসে থাকেনি, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা এবং সামাজিক কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছে। বরিশাল জিলা স্কুলের ১০ম শ্রেণির এই শিক্ষার্থী এরই মধ্যে অর্জন করেছে বিভিন্ন পুরস্কার। একটু একটু করে নিজেকে তৈরি করছে সে। এ বছর ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতায় অর্জন করেছে তৃতীয় সেরা বাংলাবিদের খেতাব। ‘অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’-এর জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতা-২০১৮-এ পেয়েছে দেশসেরার পদক। এছাড়া ‘ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড’-এ বিভাগীয় চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে। শর্টফিল্ম নির্মাণের সঙ্গেও যুক্ত রয়েছে অয়ন। পেয়েছে সাফল্যও। বিতর্ক, উপস্থাপনা বা বক্তৃতায় দারুণ পটু অয়নের স্বপ্ন একজন আইনবিদ হওয়ার। বাংলাবিদ হিসেবে শুদ্ধ বাংলার চর্চা বিশ্বময় ছড়িয়ে দিতে চায় সে। শুধু তা-ই নয়, আশ্রয়হীন বৃদ্ধ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কাজ করে মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনেও সামিল হতে চায়। অয়নের অবসর কাটে লেখালেখি করে। তার প্রিয় ব্যক্তিত্ব বীরাঙ্গনা মা রমা চৌধুরী।