এই সিরিজটা চায় উইন্ডিজ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৮

২০১৪ সালের আগস্ট মাসে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর কেটে গেছে প্রায় ৫ বছর এবং ওয়েস্ট ইন্ডিজ খেলে ফেলেছে ১৬টি সিরিজ। কিন্তু আর কোনো জয় তারা পায়নি। অবশেষে একটা সিরিজে ১-১ সমতা নিয়ে শেষ ম্যাচ খেলতে নামছে তারা। অবশেষে এসেছে একটা সিরিজ জয়ের সুযোগ।

গতকাল ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল বললেন, তারা এই সুযোগটা দুই হাত ভরে নিতে চান, ‘হ্যা, এটা তো এখন আমাদের সবার মুখে মুখে ঘুরছে। ওয়েস্ট ইন্ডিজ লম্বা সময় ধরে কোনো ওয়ানডে সিরিজ জেতে না। এই ধারাটা বদলের এটা অসাধারণ একটা সুযোগ এসেছে। ছেলেরা সবাই খুব উত্সাহী এবং আগামীকাল (আজ) এটা করতে চায়।’

সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী হলেও পাওয়েল জানেন যে, তাদের ব্যাটিংটা এখনো দলীয়ভাবে জ্বলে উঠছে না। তাই এই জায়গাটায় বিশেষ করে কাজ করার কথা বললেন, ‘আমাদের খেলার তিন বিভাগেই আরও কাজ করতে হবে। গত একটা খেলা এই ব্যাপারটা বদলে দেয়নি যে, আমরা এখনো দল হিসেবে ব্যাটিংয়ে ভালো করছি না। আমাদের নিজেদের বোলিং ও ফিল্ডিং নিয়েও কাজ করতে হবে।’ একক কোনো ব্যাটসম্যান নয়, যে ব্যাটসম্যান শুরু পাবেন, তাকেই বড় ইনিংস খেলতে হবে বলে রভম্যান বললেন, ‘এটা একটা ধারার মতো হয়ে গেছে। নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানের জন্য শুধু নয়, সবার ক্ষেত্রে এটা সত্যি। তারা শুরু পাচ্ছে; কিন্তু ইনিংস বড় করতে পারছে না। এই ব্যাপারটায় অবশ্যই আমরা উন্নতি করতে চাই। একবার শুরু পেলে সেটাকে চালিয়ে যেতে হবে এবং ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দিতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের আরেকটা সমস্যা হয়েছে, তারা অতিরিক্ত রান দিয়ে ফেলছেন। অধিনায়ক রভম্যান বললেন, ‘আমাদের খেলোয়াড়রা সচেতনভাবেই আগামীকালকের খেলায় অতিরিক্ত রান না দেওয়ার চেষ্টা করবে। গত ম্যাচে আমাদের তিনটি ফ্রি হিটেই ওরা বাউন্ডারি মেরেছে। ফলে অতিরিক্ত রান বেড়েছে। আমাদের এটা নিয়ে ভাবা দরকার।’

তবে সবকিছুর পর ক্যারিবিয় অধিনায়ক মনে করেন, তাদের সব ব্যাটসম্যানের হোপের মতো দায়িত্ব নিয়ে খেলতে হবে। তবেই তারা কাঙ্ক্ষিত সিরিজ জয় পাবেন, ‘এটা ভালো ব্যাপার যে, হোপ ওরকম ব্যাটিং করে সিরিজে সমতা আনতে পেরেছে। একটা দল হিসেবে আমরা এখন চাচ্ছি, প্রত্যেক ব্যাটসম্যান যেন নিজেদের তুলে ধরতে পারে। এটা দলীয় একটা প্রচেষ্টার ব্যাপার। আমাদের একটা দল হিসেবে, ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে হবে।’