৫জি খাতে জাপানের কেডিডিআই বাংলাদেশে বিনিয়োগ করবে

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:০১

জাপানের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি কেডিডিআই বাংলাদেশে  ৫জি, আইওটি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং কানেক্টিভিটি খাতসহ ডিজিটাল প্রযুক্তি খাতে বিনিয়োগের  আগ্রহ প্রকাশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে  কেডিডিআই এর গ্লোবাল আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার হিরায়েসু মরিশিতা (HIROYASU (HIRO) MORISHITA) এর নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধিদল  সৌজন্য সাক্ষাত্ করে। প্রতিনিধিদল সাক্ষাত্কালে বাংলাদেশে বিনিয়োগের এই আগ্রহ প্রকাশ করে।

 টেলিযোগাযোগ মন্ত্রী জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ গত ১১ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন খাতে বিশেষ করে টেলিকম ও ডিজিটাল প্রযুক্তি খাত বিদেশি বিনিয়োগের থ্রাস্ট সেক্টরে পরিণত হয়েছে। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ কাজে লাগিয়ে তিনি জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ অত্যন্ত লাভজনক  কর্মকাণ্ড।

এর আগে গত ২০১৮ সালে টেলিযোগাযোগ মন্ত্রী জাপানে অনুষ্ঠিত জাপান আইটি উইকে যোগদান করে জাপানি  ডিজিটাল প্রযুক্তি খাতের শিল্পোদ্যোক্তা বিশেষ করে জাপানি বৃহত্তম  টেলিকম কোম্পানি কেডিডিআই কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশে টেলিকম খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন এবং এ খাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এরই ধারাবাহিকতায় বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে কেডিডিআই প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছেন। কেডিডিআই প্রতিনিধিদল বাংলাদেশে সহসাই অফিস স্থাপন করে বিনিয়োগের ক্ষেত্র নির্ধারণে কাজ করবে বলে মন্ত্রীকে অবহিত করেন।

প্রতিনিধিদলের অপর সদস্য হলেন কেডিডিআই সিঙ্গাপুরের আইসিটি সেলস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাকাশি আওয়া (TAKESHI AWA), তিনি এখন কেডিডিআই এর বাংলাদেশের ব্যবসা দেখা শোনা করছেন।