পিঠের ব্যথা সাইফউদ্দিনকে অনেক দিন ধরেই ভোগাচ্ছে। এই ব্যথা নিয়েই খেলেছেন বিশ্বকাপ। তারপর থেকে আর পেরে উঠছেন না। এর মধ্যে কথা হয়েছিল বায়োমেকানিক পরীক্ষার জন্য তাকে ইংল্যান্ডে পাঠানো হবে। সে ব্যাপারে কোনো অগ্রগতি না হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিত্সা বিভাগ জানিয়েছে, আরো অন্তত তিন মাস মাঠে ফিরতে পারবেন না এই পেস বোলিং অলরাউন্ডার।
গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী সাইফউদ্দিনের এই অবস্থা জানিয়ে বলেছেন, ‘দুই থেকে তিন মাসের মতো সময়ে সাইফউদ্দিন বোলিং ও রানিং করতে পারবে না। এভাবে আমরা নভেম্বরের পুরোটা দেখব। যদি এরপর ওর ইনজুরি উন্নতির দিকে থাকে, আমরা চেষ্টা করব ওকে ডিসেম্বরের দিকে ব্যাটিংয়ে ফিরিয়ে আনার জন্য।’
সাইফউদ্দিনের ফেরার যে সময়, সে সময় বিপিএল শুরু হওয়ার কথা। দেবাশীষ চৌধুরী বলছিলেন, বিপিএলে সাইফ বোলিং করতে পারবেন কি না, সেটা নিশ্চিত নয়, ‘সে সময় বিপিএল শুরু হওয়ার কথা। যদি তখন ওর ব্যথা ওকে সায় দেয়, তাহলে আমরা ওকে ব্যাটসম্যান হিসেবে অনুমতি দেব খেলার। কিন্তু বোলিং ও রানিং বন্ধ থাকবে। ডিসেম্বরের দিকে সীমিত মাত্রায় ক্রিকেটের কার্যক্রমগুলো করতে পারবে সে।’
এই লম্বা বিরতির শঙ্কায় বেশ হতাশ সাইফউদ্দিন। তিনি নিজের হতাশা প্রকাশ করেছেন এই খবর পাওয়ার পর। তবে সবকিছুর পর নিজের ভালোর জন্যই নিজেকে মানিয়ে নিতে চান তিনি, ‘এত লম্বা সময় মাঠের বাইরে থাকা আসলে খুবই হতাশাজনক। খারাপ লাগছে। তবে এটাকে ক্রিকেটের একটা অংশ হিসেবে নিয়েছি। এটা নিয়ে চিন্তা না করে কীভাবে দ্রুত সুস্থ হওয়া যায়, সেটাই মূল লক্ষ্য আমার।’
